অনলাইনে চট্টগ্রামের ১০ সরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন গ্রহণ
নতুন কারিকুলামে বন্দরনগরী চট্রগ্রমের ১০টি সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগামী ১৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। বিদ্যালয়গুলো হলো-চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মুসলিম হাইস্কুল, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। অনলাইনে জমা পড়া আবেদন থেকে এবারও স্বয়ংক্রিয় লটারিতে এই বিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা, যা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে প্রদান করা যাবে। শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাদি উর রহিম জাদিদ জানিয়েছেন, চট্টগ্রামের ১০টি সরকারি বিদ্যালয়সহ দেশের সব বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির যে নির্দেশনা জারি করা হয়েছে তাতে প্রতি শাখাতে ৬০ জন করে উল্লেখ করা হয়েছে। এই নিয়মেই আবেদন গ্রহণ এবং পরবর্তী পদক্ষেপ নেয়ো হবে। যেসব স্কুল লটারিতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের লটারি হবে। কিন্তু সব স্কুল লটারি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়নি। তারা তাদের মতো করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে।
জানা গেছে, নগরের ১০টি সরকারি বিদ্যালয়ের পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত ২ হাজার ৪২৪টি শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হবে। এরমধ্যে শুধুমাত্র পঞ্চম শ্রেণিতেই শূন্য আসন রয়েছে এক হাজার ৫৪৫টি। এছাড়া ষষ্ঠ শ্রেণিতে ৫০০, ৭ম শ্রেণিতে ১০, অষ্টম শ্রেণিতে ১০ এবং নবম শ্রেণিতে ৩৫৯টি শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।





